লালমোহনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা।
বিশেষ প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদ মিয়ার হাট এলাকায় এক গৃহবধূকে সাইক্লোন সেল্টারে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী বাকপ্রতিবন্ধী এবং তাদের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিনযাপন করছে। তিনি বলেন, গত ৯ জুলাই রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মোঃ মোবারেক (৩২) তাকে জরুরি কথা বলার কথা বলে স্থানীয় সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলায় ডেকে নেয়। পরে মোবারেক একটি তালাবদ্ধ কক্ষ খুলে তাকে ভেতরে ঢুকায়। কিছুক্ষণ পর আঃ রহিম (৩০) রুমে প্রবেশ করলে মোবারেক বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। একপর্যায়ে আঃ রহিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আশপাশের লোকজন সন্দেহজনক আচরণ দেখে সাইক্লোন সেল্টারের রুমের সামনে ভিড় করেন এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। উপস্থিতি টের পেয়ে রহিম পেছনের দরজা খুলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
এ ঘটনায় পরদিন লালমোহন থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেফতার করে ডিএনএ নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।








